images

রাজধানী / আবহাওয়া

সবচেয়ে দূষিত বাতাস পাকিস্তানে, ঢাকার পরিস্থিতি কেমন?

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:২১ এএম

শীতের বিদায়লগ্নেও ঢাকার আকাশে স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো সুযোগ নেই। বৃষ্টির দেখা না থাকায় এবং আবহাওয়া শুষ্ক থাকায় এই মেগাসিটিতে বায়ুদূষণের মাত্রা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালের আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা এখন তৃতীয় অবস্থানে রয়েছে।
 
বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, আজ সকাল সাড়ে ৮টায় ঢাকার বায়ুমানের স্কোর ছিল ২২২, যা জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। গত সপ্তাহের একই সময়ের তুলনায় দূষণের মাত্রা কিছুটা কমলেও ঢাকার বাতাস এখনো শ্বাস নেওয়ার অযোগ্য অবস্থায় রয়েছে।

বিশ্বের দূষিত শহরের এই তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুমানের স্কোর ৩১৬। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী এই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বিভাগে পড়ে, যা সরাসরি মানবদেহের জন্য মারাত্মক হুমকি। এই অবস্থায় লাহোরের বাসিন্দাদের মাস্ক ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য জরুরি পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy_20260219_110903896

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া?

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ২২৫ এবং এটিও ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। যদিও ভারতের কলকাতা ১৮২ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে, যা ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে পড়ে।

বায়ুমানের সূচক বা একিউআই স্কোর বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোরকে ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০-কে ‘মাঝারি’ ধরা হয়। ১০১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ও সাধারণ মানুষের জন্য অস্বাস্থ্যকর বিবেচনা করা হয়। তবে ঢাকার বর্তমান স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকায় এটি শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ। 

আরটিভি/এআর