images

রাজধানী

ইফতারের সময় ক্রেতাদেরকে মারধর করলেন স্টার কাবাবের কর্মী‌রা

রোববার, ০৮ মার্চ ২০২৬ , ১০:১৮ এএম

পুরান ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীতে অবস্থিত স্টার কাবাব রেস্তোরাঁয় ইফতারের সময় কথা কাটাকাটির জেরে ক্রেতাদের ওপর হামলা করেছেন রেস্তোরাঁটির কর্মীরা। খেজুরের দাম নিয়ে এই কথা কাটাকাটির সূত্রপাত হয়েছিল বলে জানা গেছে।   

শনিবার (৭ মার্চ) ইফতারের সময়ে রেস্তোরাঁটির কর্মীদের কয়েকজনকে চেয়ার ও বোতল দিয়ে ক্রেতাদের মারধর করতে দেখা গেছে। এতে একাধিক ক্রেতা আঘাত পেয়েছেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বিকেলে কয়েকজন ক্রেতা স্টার কাবাবে ইফতার করতে যান। ইফতারের প্লেটে দেওয়া খেজুরের দাম নিয়ে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেস্তোরাঁর বেশ কয়েকজন কর্মী সংঘবদ্ধ হয়ে ক্রেতাদের ওপর চড়াও হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে ও সামনে চরম উত্তেজনা বিরাজ করছে। এ সময় স্টাফদের কয়েকজনকে হাতে থাকা চেয়ার ও পানির বোতল দিয়ে ক্রেতাদের ওপর চড়াও হতে দেখা যায়। ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন কর্মী মিলে একজন ক্রেতাকে ঘিরে ধরে টানাহেঁচড়া ও বেধড়ক মারধর করছেন। আশপাশের লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও কর্মীদের মারমুখী অবস্থানের কারণে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন
Trump

এবার ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি দিলেন ট্রাম্প

এ বিষয়ে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) সুমন নাথ জানান, ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এতে কয়েকজন ক্রেতা আহত হয়েছেন।

তিনি আরও বলেন, মারধরের শিকার ক্রেতারা থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। তবে, এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেস্তোরাঁ কর্তৃপক্ষের পক্ষ থেকেও এই বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। 

আরটিভি/এসএইচএম