রোববার, ০৮ মার্চ ২০২৬ , ০৯:০২ পিএম
ঢাকার মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মো. মোতাহার হোসেন।
শনিবার (৭ মার্চ) রাতে রেসিডেনশিয়াল মডেল কলেজের পেছনে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে মোবাইল ম্যানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।
জানা যায়, শনিবার রাত ১১টায় তিনি মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজের পাশে শহীদ ফারহান ফাইয়াজ চত্বর (নানক চত্বর) দিয়ে হাঁটছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে মারধর শুরু করে। তারা তার কাছে থাকা আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের দুটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা ও হাতের একটি দামি ঘড়ি ছিনিয়ে নেয়। ফোনের পাসওয়ার্ড দিতে দেরি হওয়ায় ছিনতাইকারীরা তাকে আঘাত করে। এতে তিনি ঘাড়ে ও চোখে মারাত্মকভাবে আঘাত পান। বর্তমানে দুদকের ওই কর্মকর্তা সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি আছেন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, গতকাল রাত ১১টায় মোহাম্মদপুরে দুদকের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত শাখা) ছিনতাইয়ের শিকার হয়েছেন। আমরা এ ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তারে কাজ করছি। ভুক্তভোগীর পক্ষে অন্য একজন সরকারি কর্মকর্তা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন।
আরটিভি/এমএ