রোববার, ১৫ মার্চ ২০২৬ , ১০:১৬ এএম
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ রোববার (১৫ মার্চ) বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য দেওয়া এক আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাধারণত পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির সময় এটি অস্থায়ীভাবে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনভর ঢাকার তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ।
গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। তবে আজ সকাল থেকেই ঢাকার আকাশে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সূর্যাস্ত হবে আজ সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৭ মিনিটে। কালবৈশাখীর এই মৌসুমে আকস্মিক ঝড়ো বাতাসের কারণে নদী বন্দরগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরটিভি/এআর