images

রাজধানী

তিন রাতের উৎসবে ফিরছে নগরীর প্রাণচাঞ্চল্য

বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ০৩:৪২ পিএম

রাজধানীর গুলশান এলাকায় আবারও বসতে যাচ্ছে বহুল আলোচিত সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন ‘Gulshan Society Chand Raat 2026’.

গত বছর গুলশান সোসাইটি লেক পার্কে এই উৎসবের ব্যাপক সাফল্য ও জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবারও তিন দিনব্যাপী এই আয়োজন ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর আবহ।

গুলশান সোসাইটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটির লক্ষ্য হচ্ছে রমজান ও ঈদুল ফিতরকে ঘিরে এলাকার বাসিন্দাদের একত্রিত করা, যেখানে সংস্কৃতি, সৃজনশীলতা ও সামাজিক বন্ধন নতুন করে প্রাণ পাবে।

আয়োজকদের ভাষ্য, চাঁদ রাতের ঐতিহ্যবাহী আবহকে কেন্দ্র করে এই আয়োজনকে একটি বার্ষিক সাংস্কৃতিক ঐতিহ্যে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা রমজানের উষ্ণতা ও ঈদের আনন্দকে একসঙ্গে ধারণ করবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই উৎসবের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে গুলশান সোসাইটি লেক পার্ক। আগামী ১৮, ১৯ ও ২০ মার্চ প্রতিদিন বিকেল ৪টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলবে এই আয়োজন।

তিন দিনের এই প্রাণবন্ত উৎসবে থাকছে নানা আয়োজন। ২০টিরও বেশি স্টলে খুচরা পণ্য, ফ্যাশন সামগ্রী, হস্তশিল্প, সচেতনতামূলক কার্যক্রম ও বিভিন্ন সেবা প্রদর্শন করা হবে। পাশাপাশি একটি ফুড কোর্টে থাকবে প্রায় ১৫টিরও বেশি জনপ্রিয় ফুড ব্র্যান্ডের বাছাই করা খাবার।

আরও পড়ুন
METRO-RAIL_20251210_113444850

ঈদে মেট্রোরেল চলাচল নিয়ে সিদ্ধান্ত জানালো কর্তৃপক্ষ

পাশাপাশি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে প্রাণবন্ত মেহেদি লাউঞ্জ, যেখানে ঈদকে ঘিরে মেহেদির সাজে রাঙিয়ে নেওয়ার সুযোগ থাকবে। একইসঙ্গে বিভিন্ন পরিষেবা বুথে ফেস পেইন্টিং, ক্যারিকেচার, ক্যালিগ্রাফি আর্ট, ঈদের কার্ডসহ নানা সৃজনশীল কার্যক্রমে অংশ নেওয়া যাবে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছে একটি গতিশীল মঞ্চ, যেখানে গজল, সুফি ও কাওয়ালি সংগীত পরিবেশনার পাশাপাশি লাইভ শো এবং ওপেন মাইক সেশন আয়োজন করা হবে।

আয়োজকরা জানান, এই আয়োজন শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি প্রতিবেশীদের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন, স্থানীয় উদ্যোক্তা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং পরিবার-পরিজনের সঙ্গে অর্থবহ সময় কাটানোর একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সব মিলিয়ে ‘গুলশান সোসাইটি চাঁদ রাত ২০২৬’ হতে যাচ্ছে নগর জীবনের ব্যস্ততার মাঝে এক ভিন্নধর্মী, পরিশীলিত ও আনন্দঘন মিলনমেলা। ব্যাংক এশিয়ার অর্থায়নে এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আরটিভি।

আরটিভি/এমএ