বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ০৩:৫৩ পিএম
খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে রমনার কেন্দ্রীয় শহীদ মিনারে টিকটকার রাকিবুল ইসলাম রাকিবকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে সরাসরি জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এই তথ্য জানান।
ডিসি জানান, হত্যার নেতৃত্ব দিয়েছিল বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সাগর। হত্যার কয়েক দিন আগে খুলনা থেকে ভাড়াটে খুনিরা ঢাকায় এসে হোটেল সোনারগাঁওসহ বিভিন্ন হোটেলে বসে পরিকল্পনা তৈরি করেছিল। এরপর তারা রাকিবের গতিবিধি অনুসরণ করে কিলিং মিশন সম্পন্ন করে।
গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ী, সিহাব, রাফিন, জয়, সাগর ফকিরের মাধ্যমে সালাউদ্দিনকেও আটক করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যার পেছনে মূল কারণ ছিল ব্যক্তিগত বিরোধ। জানা গেছে, টিকটকার রাকিব বিবাহিত নারী সাফাকে পুনরায় বিয়ে করেছিলেন। এ নিয়ে খুলনার সন্ত্রাসী সাজিদের স্ত্রীর সঙ্গে রাকিবের অনৈতিক সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে। এ ক্ষোভের জেরে হত্যার পরিকল্পনা করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলও উদ্ধার করা হয়েছে।
১৫ মার্চ রাত সোয়া ৯টার দিকে ঘটনা ঘটেছিল। শহীদ মিনারে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাকিব। তখন তিন-চারজন ব্যক্তি তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে মাথায় গুলি করে হত্যা করা হয়।
রাকিব (২৫) বোরহান উদ্দিন কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং টিকটক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও কন্টেন্ট নির্মাণ করতেন। তার গ্রামের বাড়ি ভোলা সদরের চৌমুহনী গ্রামে। বাবা তরিকুল ইসলাম খোকন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী হলে কর্মরত। রাকিব পরিবারের সঙ্গে নিমতলী নাজিম উদ্দিন রোডে থাকতেন।
ডিসি মাসুদ আলম জানান, হত্যায় জড়িত বাকি আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।
আরটিভি/এসকে