images

রাজধানী

এসএসসির কঠোর নিয়ম বাতিল ও মন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে জমায়েতের চেষ্টা

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৬:২৯ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এসএসসি পরীক্ষায় অতিরিক্ত কঠোর নিয়ম এবং অপ্রয়োজনীয় আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করতে জমায়েত সৃষ্টির চেষ্টা করেছিলেন একদল শিক্ষার্থী। তবে, তাদের সেই চেষ্টা ভণ্ডুল হয়ে গেছে পুলিশের তৎপরতায়। 

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে ঘটে এ ঘটনা। 

প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী শাহবাগের ‘৩৬ জুলাই’ স্মৃতি স্তম্ভের নিচে একদল এসএসসি পরীক্ষার্থী বিক্ষোভ মিছিলের উদ্দেশ্যে জমায়েতের চেষ্টা করে। পরে পুলিশ এবং উপস্থিত অন্যান্য সংস্থার সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে তারা কিছুক্ষণ বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করে দুপুর ১২টা ৫ মিনিটের দিকে সায়েন্সল্যাবের দিকে চলে যায়। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুরু থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ।

মানববন্ধন করতে আসা এক শিক্ষার্থী বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা তিন বন্ধু এখানে কর্মসূচিতে এসেছিলাম। তবে, এসে কাউকেই দেখতে পাচ্ছি না। তাই আপাতত বাড়ি ফিরে যাচ্ছি।

নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বপালন করা এক পুলিশ কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের এই জমায়েত ও মিছিলের প্রচেষ্টার বিষয়ে আগাম তথ্য ছিলো। সেজন্য আগে থেকেই নজরদারিতে রাখা হয়েছিল। সে অনুযায়ী, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকের বিভিন্ন গ্রুপে আন্দোলনের বিষয়ে পোস্ট দেখা গেছে। তবে, কারা এই আন্দোলন পরিচালনা করছেন সেটি জানা যায়নি। 

আরটিভি/এসএইচএম