images

রাজধানী / আবহাওয়া

গরমের মাঝেও ঢাকায় হঠাৎ কুয়াশা নিয়ে যা জানা গেলো 

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০৩:৫৭ পিএম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তীব্র গরমের মধ্যেই হঠাৎ কুয়াশা দেখা দেওয়ায় বিস্মিত হয়েছেন নগরবাসী। চৈত্রের ভ্যাপসা গরমে এমন আবহাওয়া অনেকের কাছেই অস্বাভাবিক মনে হলেও, আবহাওয়া গবেষকরা বলছেন এটি মূলত ‘বাষ্পীয় কুয়াশা’ বা স্টিম ফগ, যা বিশেষ কিছু আবহাওয়াগত কারণে তৈরি হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে এক আবহাওয়া পর্যবেক্ষণ টিম তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, কুয়াশা সাধারণত তখনই সৃষ্টি হয়, যখন বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়ে বাতাসে ভাসতে থাকে। এই প্রক্রিয়া ঘটে যখন তাপমাত্রা কমে গিয়ে শিশিরবিন্দুর কাছাকাছি পৌঁছে যায়।

তারা আরও জানায়, গরমের দিনে সূর্যের তাপে প্রচুর পানি বাষ্পে পরিণত হয়ে বাতাসে আর্দ্রতা বেড়ে যায়। পরে রাতের শেষভাগ বা ভোরে তাপমাত্রা কমে গেলে এই আর্দ্রতা ঘনীভূত হয়ে কুয়াশার সৃষ্টি করে।

বিশেষজ্ঞদের মতে, কুয়াশা তৈরির জন্য কয়েকটি শর্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে, বাতাসে উচ্চমাত্রার আর্দ্রতা, তাপমাত্রা কমে শিশিরবিন্দুতে পৌঁছানো ও বাতাসের গতি কম বা হালকা থাকা।

এছাড়া বৃষ্টির পর কিংবা নদী, খাল বা পুকুরের আশপাশে কুয়াশা বেশি দেখা যায়। কারণ এসব এলাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনামূলক বেশি থাকে। গরমকালে বৃষ্টির পর ভোরে মাটি ও পানির তাপমাত্রা দ্রুত কমে গেলে ভূমির কাছাকাছি স্তরে কুয়াশা তৈরি হতে পারে।

image

তবে বিশেষজ্ঞরা বলছেন, গরমকালে সাধারণত ঘন কুয়াশা কমই দেখা যায়। এ সময় হালকা কুয়াশা বা জলাশয়ের কাছে ‘স্টিম ফগ’ তৈরি হওয়াই স্বাভাবিক। হঠাৎ তাপমাত্রার পরিবর্তন এমন পরিস্থিতির অন্যতম প্রধান কারণ।

তারা আরও জানান, এই ধরনের কুয়াশা সাধারণত স্বল্প সময়ের জন্য স্থায়ী হয় এবং সূর্যের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত মিলিয়ে যায়।

গরমের মধ্যেও কুয়াশা দেখা দিলেও এটি অস্বাভাবিক কোনো দুর্যোগ নয়। বরং আবহাওয়ার স্বাভাবিক পরিবর্তনের অংশ হিসেবেই এটিকে দেখছেন বিশেষজ্ঞরা।

আরটিভি/এসকে