বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১১:৫১ এএম
রাজধানীর ৩০০ ফুট সড়ক থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাতপরিচয় এক নারী মারা গেছেন। তার বয়স ৪০-৪৫ বছর। তিনি কালো বোরকা পরা ছিলেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে দুর্ঘটনায় ওই নারী আহত হন বলে জানান তাকে উদ্ধারকারী পথচারী মো. মামুন।
তিনি জানান, রাজধানীর ৩০০ ফুট সড়কে দুই নম্বর আন্ডারপাসের ওপর দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ি ওই নারীকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।
আরটিভি/এসএস