শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ০৭:০৮ পিএম
রাজধানীর শাহবাগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পূর্ব পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত গরমের কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, শুক্রবার লোকমুখে খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের পূর্ব পাশের ফুটপাতে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে ধারণা করা হচ্ছে। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাকে প্রায়ই ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে তার মৃত্যু হতে পারে।
এ বিষয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/এসএস