মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ০৮:৩৪ পিএম
ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীদের কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।
আটক ভুয়া শিক্ষার্থীর নাম মনিকা আক্তার মিতু (৩২)। তবে কলেজ আইডিকার্ডে তার নাম নুপুর ইসলাম জান্নাত।
আটক ভুয়া শিক্ষার্থী জানান, তার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এলাকায়। বাবার নাম মৃত মমিন আলী। বর্তমানে লালবাগ পোস্তা হোসেন উদ্দিন খান প্রথম লেনে রফিকুল ইসলাম খোকনের সঙ্গে থাকেন। এসএসসি পাশ করার পর আর পড়াশুনা করেননি। তবে ইচ্ছা ছিল চিকিৎসক হওয়ার, তাই এক মাস যাবৎ মেডিকেল কলেজে যাতায়াত শুরু করেন। তবে কখনও ক্লাসরুমে ঢোকার সুযোগ পাননি।
তিনি আরও জানান, তার আসল নাম মনিকা আক্তার মিতু। তবে সবাই নুপুর ইসলাম জান্নাত বলে ডাকে। নীলক্ষেত থেকে আইডিকার্ড বানিয়ে নাম দিয়েছে নুপুর ইসলাম জান্নাত। মুলত তিনি মোবাইলে টিকটক করেন।
জানা গেছে, গত এক মাস ধরে তিনি কলেজের ছাত্রীদের কমনরুমে আসা যাওয়া শুরু করেন। তবে কয়েক দিন ধরে কয়েকজন ছাত্রীর নজরে আসে। আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে, কোনো সদুত্তর দিতে না পারায় কলেজ কতৃপক্ষকে জানানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ঢাকা মেডিকেল কলেজ কতৃপক্ষের কাছ থেকে সংবাদ পেয়ে কলেজে আসি। এরপর ওই ভুয়া শিক্ষার্থীকে পাই। তার কাছ থেকে একটি এ্যাপ্রোন, একটি স্টেথোস্কোপ ও একটি কলেজের আইডিকার্ড পাওয়া গেছে। তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে