মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ০৯:২৭ পিএম
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণে ব্যাপক নজরদারি জোরদারের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি। এই এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুরো মোহাম্মদপুরকে ক্লোজড সার্কিট বা সিসিটিভি ক্যামেরার বিশাল নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গুরুত্বপূর্ণ সড়ক মোড় বাজার এবং জনবহুল এলাকাগুলোতে উচ্চক্ষমতা সম্পন্ন আধুনিক ক্যামেরা স্থাপন করা হবে। এই উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে সন্দেহজনক যেকোনো কার্যক্রম দ্রুত শনাক্ত করা সহজ হবে এবং অপরাধ ঘটার পর দ্রুততম সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়। ওই সভায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা এলাকাটির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে জোর দেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী অপরাধ দমনে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অপরাধীরা যাতে কোনোভাবেই পার না পায় এবং প্রতিটি অপরাধের ঘটনার সাথে জড়িতদের যেন আইনের আওতায় আনা যায় সেই লক্ষ্যেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাহ উদ্দিন জানিয়েছেন, এলাকাটিকে সম্পূর্ণ নজরদারির আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে পুলিশ। মোহাম্মদপুরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানকে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে উন্নত প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। এই ব্যবস্থা চালুর ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা শনাক্ত করা সম্ভব হবে এবং অপরাধীরা কোথায় যাচ্ছে বা কী করছে তা মনিটরিং করা পুলিশের জন্য সহজ হবে। এতে করে যেকোনো অপরাধমূলক কাজের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া যাবে যা অপরাধীদের মনে ভীতি সঞ্চার করবে এবং অপরাধ প্রবণতা কমিয়ে আনবে।
ওসি আরও জানান, আগামী এক মাসের মধ্যেই এলাকায় পাঁচ শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনাটি বাস্তবায়ন করা হবে।
আরটিভি/এআর