বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ১১:০৩ পিএম
ঢাকার কেরানীগঞ্জে একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় এক লাখ কেজি ভেজাল মধু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি সিলগালা করে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুরের কলাকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এনএসআই-এর তথ্যের ভিত্তিতে ও সার্বিক সহযোগিতায় ‘বিসমিল্লাহ মধু ঘর ও মৌ খামার’ নামের কারখানাটিতে অভিযান চালানো হয়। সেখানে চিনি, রং, কৃত্রিম ফ্লেভার ও বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে ভেজাল মধু তৈরি করা হচ্ছিল।
অভিযানে নেতৃত্ব দেওয়া কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ জানান, কারখানাটি থেকে অনলাইন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এসব ভেজাল মধু সরবরাহ করা হতো। অভিযানকালে ওই ভাড়া বাড়ি থেকে কৃত্রিম মধু তৈরির সরঞ্জামসহ প্রায় দুই হাজার ড্রামে সংরক্ষিত এক লাখ কেজি ভেজাল মধু জব্দ করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় কারখানার মালিক হিজবুল্লাহ (৫০) জরিমানার পাঁচ লাখ টাকা পরিশোধে অপরাগতা প্রকাশ করলে ম্যানেজারসহ তিন জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জরিমানা পরিশোধ সাপেক্ষে তাদের ছেড়ে দেওয়া হবে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এ ধরনের ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এসএস