images

রাজধানী

আশুলিয়ায় শিশু নির্যাতন: সরকারি কর্মচারী আটক

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০:০৫ পিএম

ঢাকার আশুলিয়ায় ৭ম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত নঈম জং নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এই ঘটনায় জড়িত পলাতক অপর আসামি লোকমানকে গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ রুবেল হাওলাদার। গ্রেপ্তারকৃত আসামি এবং পলাতক আসামি দুজনই বাংলাদেশ বেতারের আশুলিয়ার কবিরপুরের তৃতীয় শ্রেণীর কর্মচারী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পুলিশ জানায়,বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার আসামি নঈম জংকে আশুলিয়া থানা থেকে আদালতে প্রেরণ করা হয়। আজ ভোররাতে আশুলিয়ার কবিরপুর বাংলাদেশ বেতারের আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, গতকাল ২২ এপ্রিল সকালে আশুলিয়ার কবিরপুরের বাংলাদেশ বেতারের আবাসিক এলাকায় অনুপ্রবেশের অভিযোগ এনে স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণী পড়ুয়া এক ছাত্রকে আটকে রেখে লাঠি দিয়ে মারধর করে বাংলাদেশ বেতারে কর্মরত নঈম জং ও লোকমান নামে দুই কর্মচারী। পরে ওই ছাত্রের স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেন।

আরও পড়ুন
vgrgtrhgty

মুন্সীগঞ্জে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ

এ ঘটনায় ওই ছাত্রের বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান পরিচালনা করে আসামি নঈম জংকে গ্রেপ্তার করে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়া অপর আসামি লোকমান। পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা করি অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।

আরটিভি/এসএস