সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৩:০৩ পিএম
রাজধানীর উত্তরার এক বাসায় সম্প্রতি অতিরিক্ত চেতনানাশক দেওয়ার কারণে মৃত্যু হয় ওই বাসার বৃদ্ধার। এ ঘটনায় অভিযুক্ত গৃহকর্মীকে গ্রেপ্তারের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বলছে, সে ভিন্ন ভিন্ন নামে বাসায় কাজ নিয়ে সুযোগ বুঝে চেতনানাশক ওষুধ খাইয়ে চুরি করে পালিয়ে যায়। এখন পর্যন্ত ৭ থেকে ৮টি ঘটনা ঘটিয়েছে ওই গৃহকর্মী।
সোমবার (২৭ এপ্রিল) পিবিআইয়ের ঢাকা মেট্রোর উত্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।
পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি জানান, কখনও বিলকিস, কখনও রিনা আবার কখনও শিউলি-- এমন ভিন্ন ভিন্ন পরিচয়ে গৃহকর্মী হয়ে ঢুকত ওই গৃহকর্মী। বিশ্বাস অর্জন করত সহজেই। তারপরই ভয়ংকর হয়ে উঠতো সে। সুযোগ বুঝে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানো হত পরিবারের সদস্যদের। এরপর লুটে নিত স্বর্ণালংকার ও নগদ অর্থ। তবে শেষ রক্ষা হয়নি। রাজধানীর উত্তরায় এক বাসায় অতিরিক্ত চেতনানাশক ওষুধ খাওয়ানোর ফলে প্রাণ হারান এক বৃদ্ধা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা করলে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি গাজীপুর থেকে তাকে গ্রেপ্তারের পর বেড় হতে থাকে রহস্য।
মো. এনায়েত হোসেন মান্নান জানান, বিলকিসের নেই কোনো জাতীয় পরিচয়পত্র। এ কারণে দীর্ঘদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে ছিল সে। এর আগেও রাজধানীসহ বিভিন্ন জায়গা ৭ থেকে ৮টি চুরির ঘটনা ঘটিয়েছে বিলকিস। চুরির কাজগুলো একাই করত বিলকিস। তবে স্বর্ণালংকারের ক্ষেত্রে সে ভিন্ন ভিন্ন পন্থা বেছে নিত।
গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচায়পত্র মিলিয়ে দেখাসহ জনগণকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
আরটিভি/এমএ