মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১১:১০ পিএম
রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার নাম খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী এবং আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের স্ত্রীর বড় ভাই। ইমনের এককালের সহযোগী টিটন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে পিবিআই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে।
নিহত টিটনের বাবার নাম কে. এম ফকরুদ্দিন এবং মায়ের নাম আকলিমা বেগম। তার বর্তমান ঠিকানা হাজারীবাগ থানার জিগাতলার সুলতানগঞ্জ এলাকায়।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
এর আগে, আজ রাত ৮টার দিকে নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে। মুমূর্ষু অবস্থায় কয়েকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, খন্দকার নাঈম আহমেদ টিটন দীর্ঘ কারাবাসের পর ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর জামিনে মুক্ত হন। তিনি রায়েরবাজার ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। জামিনে মুক্তির পর আদালতে হাজিরা না দিয়ে পলাতক ছিলেন তিনি।
আরটিভি/এসএস