শনিবার, ০২ মে ২০২৬ , ১২:০৯ পিএম
রাজধানীর উত্তরা এলাকায় গভীর রাতে অটোরিকশাযাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) রাতে উত্তরা আব্দুল্লাহপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকারে থাকা পাঁচ থেকে ছয়জনের একটি দল চাপাতি ও রামদা প্রদর্শন করে অটোরিকশাযাত্রীদের থামিয়ে দেয়। এরপর তারা যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
এ সময় আশপাশের লোকজন চিৎকার করলে ডাকাতরা দ্রুত প্রাইভেটকারে উঠে পালানোর চেষ্টা করে।
পরে সাংবাদিক ও স্থানীয়দের সহায়তায় আব্দুল্লাহপুর পেপার মিল রোড এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি আটক করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি তল্লাশি চালিয়ে ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইন, মোবাইল ফোন এবং তিনটি ধারালো অস্ত্র (চাপাতি/রামদা) উদ্ধার করে।
পরবর্তীতে অভিযান চালিয়ে গাড়ির চালক রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এক ভুক্তভোগী নারী জানান, ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে তার গলার চেইন ও মোবাইল ফোনসহ সবকিছু নিয়ে যায়।
আরেক ভুক্তভোগী রফিফুল ইসলাম সাঈদ বলেন, “হঠাৎ কয়েকজন এসে চাপাতি দেখিয়ে আমাকে আঘাত করে মোবাইল ফোন নিয়ে যায়।”
অটোরিকশা চালক জানান, যাত্রী নিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রাইভেটকারের পাশে থাকা কয়েকজন যুবক তাদের গতিরোধ করে এবং অস্ত্র দেখিয়ে লুটপাট চালায়।
প্রত্যক্ষদর্শী রিফাত ভূঁইয়া বলেন, রেললাইনের পাশে ধস্তাধস্তি দেখে তারা চিৎকার করলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে সাংবাদিকের সহায়তায় গাড়িটি আটক করা সম্ভব হয়, তবে ডাকাতরা পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও মাছ ব্যবসায়ী মোস্তাক আহমেদ বলেন, আব্দুল্লাহপুর রেললাইন এলাকায় নিয়মিত ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে, ফলে রাতের সময় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
ঘটনাস্থল নিয়ে উত্তরা দক্ষিণ ও পূর্ব থানার কর্মকর্তাদের বক্তব্যে বিভ্রান্তি দেখা গেছে। একপক্ষ দাবি করছে ঘটনা তাদের এলাকায় হয়নি, অন্যপক্ষ বলছে এটি তাদের থানার আওতাভুক্ত।
তবে পুলিশ জানিয়েছে, গাড়ি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এসকে