শনিবার, ০২ মে ২০২৬ , ১২:২১ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ মে) রাতে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সৌরভ হালদার (২৫) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঝালকাঠি সদরের ভিমরুলী এলাকায়। পরিবারসহ রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় তিনি ভাড়া থাকতেন।
নিহতের বোন সঞ্জিতা হালদার জানান, তার ভাইয়ের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন মোবাইল ফোনে ওই তরুণীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিমান করে তিনি নিজ কক্ষে কীটনাশক পান করেন। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আরটিভি/আইএম