মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ১০:২৭ এএম
রাজধানীর বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা এলাকায় একটি কাগজের কারখানা থেকে সুমন (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
সোমবার (১১ মে) সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারখানার মালিক মো. আল-আমিন জানান, কারখানায় সারারাত কাজ শেষে সকালে তিনি সুমনকে রেখে বাসায় চলে যান। পরে ফিরে এসে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে জানান তিনি। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে না পারলেও তিনি জানান, সুমনের মাদক সেবনের অভ্যাস ছিল বলে জানতে পেরেছেন।
নিহত সুমনের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম থানায়। তিনি পরিবারসহ কারখানার কাছেই থাকতেন এবং তাঁর বাবা রিকশাচালক বলে জানা গেছে।
বাড্ডা থানার পরিদর্শক (ইনচার্জ) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরটিভি/এসকে