শুক্রবার, ১৫ মে ২০২৬ , ০৮:১১ এএম
রাজধানীর লালবাগে শহীদনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাফি হোসেন (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টার দিকে শহীদনগর ৩ নম্বর গলির বেড়িবাঁধে এই গুলির ঘটনা ঘটে। ওই এলাকায় ভুক্তভোগী যুবকের বাসা। তার বাবার নাম তাইজুদ্দিন।
আহত রাফিকে হাসপাতালে নিয়ে আসা মো. সজিব বলেন, ওই এলাকার ইমনসহ কয়েকজন যুবক শাহিন নামে একজনকে খুঁজতে থাকে। শাহিনকে দেখেছি কি না, এমন প্রশ্নের জবাবে ‘দেখিনি’ বলতেই তারা আমাকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে।
তিনি বলেন, এরপর আমি রাফিকে বাসা থেকে ডেকে আনি এবং ওদের কাছে যাওয়া মাত্রই ইমন পিস্তল বের করে রাফির ডান পাঁজরে গুলি করে পালিয়ে যায়। তখন আমি দ্রুত রাফিকে হাসপাতালে নিয়ে আসি।
এ সময় ইমনের সঙ্গে স্থানীয় রেজাউল, মিন্টু, শাহবুদ্দিনসহ আরও ৮-৯ জন ছিলেন বলে জানান তিনি।
আহত রাফির মা মোমেনা বেগম বলেন, রাফির বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছি ইমন আমার ছেলেকে গুলি করেছে। কেন গুলি করেছে এখন পর্যন্ত জানতে পারি নাই। রাফি টি-শার্ট প্রিন্ট করে অনলাইনে বিক্রি করে।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই যুবক ডান পাঁজরে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি লালবাগ থানায় জানানো হয়েছে।
আরটিভি/এমএম