শনিবার, ১৬ মে ২০২৬ , ০৪:০৭ পিএম
মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হজ প্যাকেজের মূল্য বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ বলে অভিযোগ করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
সংগঠনটি জানিয়েছে, এই মধ্যস্বত্বভোগীরা হাজিদের কাছ থেকে অতিরিক্ত ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে।
শনিবার (১৬ মে) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ২০২৬ সালের হজ কার্যক্রমের সর্বশেষ অবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এসব অভিযোগ করেন। বিমান ভাড়া ও মধ্যস্বত্বভোগীদের কারণে হজের খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করা হয়।
হাব সভাপতি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনসের দাবি অনুযায়ী ফেরার পথে অনেক সময় ফ্লাইট খালি যায়, যে কারণে ভাড়া বেশি রাখা হয়। তবে ১ লাখ ৫৪ হাজার টাকা বিমান ভাড়া কোনোভাবেই যৌক্তিক নয়। ভবিষ্যতে এই বিমান ভাড়া ১ লাখ টাকার মধ্যে নামিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানান তিনি।
বিমান ভাড়া কমানো সম্ভব হলে হজযাত্রীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়বে বলে মত দেন হাব সভাপতি। তিনি বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে এই সমস্যার স্থায়ী সমাধান করার আহ্বান জানান।
এদিকে, সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার অভিযোগ করেন, হজ ডেডিকেটেড ফ্লাইটের নামে শিডিউল ফ্লাইট পরিচালনা করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ কয়েকটি এয়ারলাইনস হজযাত্রীদের কাছ থেকে প্রায় ৫৪ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নিচ্ছে। তিনি আরও জানান, হজযাত্রীরা যেহেতু ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হন, তাই এয়ারলাইনসগুলোর নিজেদের মতো করে এভাবে ভাড়া নির্ধারণের কোনো আইনি সুযোগ নেই।
মহাসচিব আরও বলেন, হজের মূল আনুষ্ঠানিকতা মাত্র পাঁচ দিনের হলেও ত্রুটিপূর্ণ ফ্লাইট শিডিউলের কারণে অনেক যাত্রীকে অতিরিক্ত প্রায় ৪০ দিন সৌদি আরবে অবস্থান করতে হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস যদি এই সময়সীমা কমিয়ে আনতে পারত, তবে হজযাত্রীদের অর্থ ও সময় দুটোই সাশ্রয় হতো। দীর্ঘ সময় থাকার কারণে সৌদি আরবে আবাসন খরচও অনেক বেড়ে যাচ্ছে।
হাবের পক্ষ থেকে জানানো হয়, এবারের হজ মৌসুমে এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে ৫৯ হাজার ৫৫ জন হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন। আগামী ২১ মে পর্যন্ত মোট ৭৮ হাজার হজযাত্রী পবিত্র ভূমিতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
আরটিভি/এআর