শনিবার, ১৬ মে ২০২৬ , ১০:৪৮ পিএম
জাতিসংঘের ওয়ার্ল্ড আরবান ফোরামের ১৩তম (ডব্লিউইউএফ-১৩) সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশভিত্তিক সামাজিক উদ্যোগ ‘ওয়ার্ল্ড লিংকআপ’। এ উপলক্ষে সংগঠনটির নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহর নেতৃত্বে আজারবাইজান যাচ্ছে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল।
এদের মধ্যে রয়েছেন- আফসানা মাহমুদ, নিশাত খন্দকার, ফাইজা ফারহা, মোহনা হক, তাসিন খান ও মারুফ বিল্লাহ।
শনিবার (১৬ মে) তারা ঢাকা ত্যাগ করবেন।
আজারবাইজানের রাজধানী বাকুতে ১৭ মে থেকে ২২ মে পর্যন্ত ছয় দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে বিভিন্ন দেশের সরকারপ্রধান, মন্ত্রী, মেয়রসহ ১৭১টি দেশের পলিসি মেকাররা অংশ নেবেন।
সম্মেলনে ওয়ার্ল্ড লিংকআপের উদ্ভাবনী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়েস্ট টু ওয়েলথ: বিল্ডিং রিসাইলিয়েস্ট সিটিজ অ্যান্ড কমিউনিটিজ’ এবং ফ্ল্যাগশিপ প্রকল্প ‘ওয়ার্ল্ড লিংকআপ স্মার্ট ওয়েস্ট ইনিসিয়েটিভ’ প্রদর্শন ও উপস্থাপন করা হবে। যা জাতিসংঘ (ইউএন-হ্যাবিটেট) কর্তৃক আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে।
নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে তুলে ধরা হয়েছে কীভাবে উদ্ভাবনী বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ সুরক্ষা করতে পারে। ইউএন-হ্যাবিটেট কর্তৃক এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্বাচিত হওয়ার স্বীকৃতি শুধু ওয়ার্ল্ড লিংকআপ প্রতিষ্ঠানটির জন্যই নয়, বরং বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন। এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের জলবায়ু নেতৃত্ব ও উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরার একটি তাৎপর্যময় সুযোগ বলে মনে করছেন সংশ্লিস্টরা।
‘ওয়ার্ল্ড লিংকআপ স্মার্ট ওয়েস্ট ইনিসিয়েটিভ’-এর মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতিবছর প্রায় ৩০ মিলিয়ন টন জৈব বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থার অন্তর্ভুক্ত করা এবং প্রায় ১ লাখ ৪৮ হাজার টন কার্বন নিঃসরণ হ্রাস করার লক্ষ্য নিয়ে কাজ করছে। উদ্যোগটি যুব নেতৃত্ব, জলবায়ু কার্যক্রম এবং টেকসই নগর উন্নয়নের মাধ্যমে সহনশীল শহর ও কমিউনিটি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
ওয়ার্ল্ড লিংকআপ একটি সামাজিক সংগঠন হিসেবে তরুণদের উন্নয়ন, আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। ওয়ার্ল্ড আরবান ফোরামের ১৩তম সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে এই সংগঠনটি আন্তর্জাতিক পর্যায়ে নগর উন্নয়ন, জলবায়ু উদ্ভাবন ও টেকসই ব্যবস্থাপনা বিষয়ে নিজেদের সফল উদ্যোগ তুলে ধরার সুযোগ পাবে।
আরটিভি/এমএইচজে