images

রাজধানী

শাহ আলী মাজারে হামলা, অজ্ঞাত ১৫০ জামায়াতকর্মীর বিরুদ্ধে মামলা

রোববার, ১৭ মে ২০২৬ , ১২:৫৭ পিএম

ঢাকার মিরপুরে হজরত শাহ আলী (র.) মাজারে হামলা ও অর্থ চুরির ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জন জামায়াতকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় শাহ আলী থানায় মামলাটি করেন মাজারের ভক্ত ও নিয়মিত দর্শনার্থী রেসমি বেগম (৪০)।

মামলার বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এজাহারভুক্ত আসামিরা হলেন- মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), আজম (৪০), শেখ মো. রাসেল (৩৮), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) ও কাজী পনির (৫০)। তাদের সবাই শাহ আলী থানা এলাকার বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে শেখ মো. রাসেল ও আজম মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া আরমান দেওয়ান নামে আরও একজনকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে শাহ আলী মাজারে জিয়ারত করে আসছেন। গত ১৪ মে দিবাগত রাতে জিয়ারত ও মানতের সময় একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে মাজারে প্রবেশ করে দর্শনার্থীদের ওপর হামলা চালায়।

এসময় হামলাকারীরা মাজারে থাকা ভক্তদের মারধর করে আহত করে এবং মাজারসংলগ্ন গাছের লাল কাপড় ছিঁড়ে ফেলে। পাশাপাশি মোমবাতির প্লেট ভাঙচুরের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগও করা হয়েছে।

বাদী জানান, তিনি হামলাকারীদের বাধা দিতে গেলে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং শ্লীলতাহানি ঘটায়। এক আসামি লাঠি দিয়ে তাকে আঘাত করে।

হামলাকারীরা মাজারের জিয়ারতকারীদের কাছ থেকে ৯০ হাজার টাকার মতো চুরি করে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

আরটিভি/টিআর