সোমবার, ১৮ মে ২০২৬ , ০৪:৫২ পিএম
রাজধানীর মুগদায় সৌদি প্রবাসী মুকাররমের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় হেলেনা বেগম নামে এক নারী ও তার মেয়ে হালিমাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে র্যাব-৩ এর সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ও সৌদি প্রবাসী মোকাররম পরকীয়া সম্পর্কের জেরে হত্যার শিকার হন। অভিযুক্তরা তাকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করার পর মরদেহ ৮ টুকরা করে পলিথিনে মুড়িয়ে রাজধানীর মান্ডা এলাকার বিভিন্ন স্থানে ফেলে দেন।
এর আগে রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে মুগদা থানার পুলিশ মান্ডা ১ম গলি এলাকার আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির ৭ টুকরো মরদেহ উদ্ধার করে। তবে তখন মাথা উদ্ধার করা যায়নি।
মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন গণমাধ্যমকে জানান, মরদেহটি পচাগলা অবস্থায় ছিল এবং শরীরের বিভিন্ন অংশ পলিথিনে মোড়ানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হয়, হত্যার পর মরদেহ টুকরো করে অন্য জায়গা থেকে এনে ওই ভবনের বেজমেন্টে ফেলে রাখা হয়।
আরটিভি/এমএইচজে