সোমবার, ১৮ মে ২০২৬ , ০৮:২৬ পিএম
রাজধানীর মোহাম্মদপুরের একটি আবাসিক এলাকার রাস্তার পাশ থেকে মানুষের মাথার খুলিসহ কঙ্কালের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) বিকেলে কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে এই দেহাংশগুলো উদ্ধার করা হয়।
আবাসিক এলাকার ভেতরে এভাবে মানব কঙ্কাল পাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম রহস্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, আজ দুপুরের পর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের ২ নম্বর রোডের সি-ব্লকের ৭ নম্বর বাড়ির সামনে একটি বৈদ্যুতিক খুঁটির গোড়ায় মানুষের হাড়গোড় সদৃশ বস্তু দেখতে পান পথচারীরা। পরে বিকেল ৩টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এর মাধ্যমে বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়।
সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান সরকারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে পরিচালিত অভিযানে পুলিশ ওই বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে একটি মানব মাথার খুলি এবং শরীরের বিভিন্ন অংশের হাড়ের খণ্ডিতাংশ উদ্ধার করে।
এলাকাবাসী জানান, জনবহুল একটি আবাসিক এলাকার প্রধান সড়কের পাশে কীভাবে এবং কোথা থেকে একটি মানব কঙ্কাল এল, তা রীতিমতো রহস্যজনক। এটি কোনো হত্যাকাণ্ড নাকি পুরোনো কোনো লাশ কেউ এখানে এনে ফেলেছে, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই আখতারুজ্জামান সরকার গণমাধ্যমকে বলেন, ৯৯৯-এর সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থল থেকে মাথার খুলিসহ কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করেছি।
আরও জানা গেছে, উদ্ধার হওয়া দেহাংশগুলো ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের জন্য ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে। কঙ্কালটি পুরুষ না নারীর এবং এটি কতদিন আগের, তা ফরেনসিক রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।
আরটিভি/এমএইচজে