images

রাজধানী

রাজধানীতে তরুণের রহস্যজনক মৃত্যু

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০৬:০৭ পিএম

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় সিয়াম মিয়া (২০) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) ভোরের দিকে গেন্ডারিয়ার লোহার পুল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সিয়াম লোহার পুল এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে। তিনি একটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানিতে কর্মরত ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ মে) ভোরে সিয়ামের বড় ভাই ইমরান মিয়া বাইরে নাস্তা করতে যান। নাস্তা শেষে বাসায় ফিরে তিনি ঘরের দরজার সামনে সিয়ামকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে মা-সহ পরিবারের অন্য সদস্যরা তাকে অনেক ডাকাডাকি করলেও তার কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। একপর্যায়ে পরিবারের সদস্যরা সিয়ামের কপালে ও হাতে আঘাতের চিহ্ন দেখতে পান।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সকাল পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সিয়ামকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
pollobi

রাজধানীতে ৭ বছরের শিশুকে গলাকেটে হত্যা

ঘটনার বিষয়ে নিহতের বড় ভাই ইমরান মিয়া বলেন, আমি সকালে নাস্তা করতে বাইরে গিয়েছিলাম। এসে দেখি সিয়াম দরজার সামনে পড়ে আছে। আসলে ঘরের ভেতর বা বাইরে কী ঘটেছিল, তা আমরা কেউ জানি না। পুরো বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের কপালে এবং হাতে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকেও এখন পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ বা কারও বিরুদ্ধে অভিযোগ জানানো হয়নি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সিয়ামের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরটিভি/কেডি