images

রাজধানী

ঢাকায় চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

শনিবার, ২৩ মে ২০২৬ , ১০:৪৬ পিএম

ঢাকার কলাবাগান এলাকায় আট বছরের শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৬৩ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে।

শনিবার (২৩ মে) অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (২২ মে) কলাবাগান নর্থ সার্কুলার সড়কের একটি বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক। তিনি বলেন, ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে ঘটনার দিনই একটি মামলা করা হয়েছে। সেই মামলায় রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে আজ (শনিবার) আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রুবেলের বাড়ি আছে নর্থ সার্কুলার রোডে। তার স্ত্রী-সন্তান না থাকায় ভাইয়ের পরিবারের সঙ্গে বসবাস করেন। ভুক্তভোগী শিশুটি তাঁর প্রতিবেশীর সন্তান। ঘটনার দিন ফাঁকা বাড়ি পেয়ে ভুক্তভোগী শিশুকে চকলেট দেওয়ার প্রলোভনে ঘরে ডেকে নেন। এরপর আশপাশের মানুষজন বিষয়টি বুঝতে পারে অভিযুক্ত রুবেলকে আটক করে এবং থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্ত ব্যক্তিকে থানা হেফাজতে নেয়।

মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দুলাল হক বলেন, ভুক্তভোগীর অভিযোগ সত্য বলে স্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি। আমরা আইনি প্রক্রিয়া মেনে তাঁকে আদালতে পাঠিয়েছি। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

আরটিভি/টিআর