বুধবার, ২৭ মে ২০২৬ , ১২:৩২ পিএম
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মেট্রোস্টেশনের নিচে বসা কোরবানির পশুর হাট সরিয়ে দিয়েছে পুলিশ। এতে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে, বর্জ্যে অপরিষ্কার হয়ে রয়েছে চারপাশ। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারীসহ সাধারণ মানুষ।
এর আগে, মঙ্গলবার (২৬ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সবচেয়ে বড় ও সর্বোচ্চ ইজারা মূল্যের পশুর হাট হিসেবে এবার দিয়াবাড়ির হাট জমে উঠেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাক ও নৌপথে বিপুলসংখ্যক কোরবানির পশু আনা হয়েছে। বিশেষ করে বড় আকৃতির গরুর সমাগম ক্রেতাদের ব্যাপক আকর্ষণ করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তবে হাটের নির্ধারিত সীমানার বাইরে মূল সড়ক ও মেট্রোস্টেশনের নিচে পশু রাখায় যানজটের সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় ডিএমপির উত্তরা বিভাগ সড়ক দখলমুক্ত করতে মেট্রোস্টেশনের নিচ থেকে পশু সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ছাড়া হাটের ইজারাদারকে ডেকে সতর্ক করা হয়। পরবর্তী সময়ে মেট্রোস্টেশনের নিচে হাট বসালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করার নির্দেশনা দেওয়া হয়।
আরটিভি/এসএস