images

রাজধানী

‘পশু কোরবানি নয়, লোভ আর হিংসা দূর করাই আসল শিক্ষা’

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ১২:১২ পিএম

ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের বার্তা নিয়ে রাজধানীর মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করছেন।

শনিবার (২৮ মে) সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকার মসজিদে মুসল্লিদের ঢল নামে ঈদের নামাজে। মসজিদ, ঈদগাহ ও খোলা প্রাঙ্গণ ভরে ওঠে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে।

সকাল থেকেই রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, কল্যাণপুর ও মিরপুর এলাকার অলিগলিতে ছিল ঈদের আনন্দঘন পরিবেশ। নামাজ আদায় করে দিচ্ছেন পশু কোরবানি।

নতুন পোশাকে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ দল বেঁধে ছুটে যান নামাজ আদায়ে। মসজিদ থেকে ভেসে আসে তাকবিরের ধ্বনি ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।’

আরও পড়ুন
qrb

ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

সরেজমিনে দেখা যায়, ফজরের পর থেকেই মুসল্লিরা মসজিদমুখী হতে শুরু করেন। অনেক মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় খোলা জায়গা ও সড়কের একাংশেও জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

মোহাম্মদপুরের বছিলা এলাকায় ঈদের জামাতে অংশ নিতে আসা মুসুল্লি সাজ্জাদ হোসেন বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা হচ্ছে ত্যাগ। শুধু পশু কোরবানি নয়, নিজের ভেতরের অহংকার, লোভ আর হিংসাকে দূর করাই আসল শিক্ষা।

শ্যামলীর মসজিদে মসজিদে মাইক ব্যবহার করে খুতবা দেন ইমামরা। এ সময় তারা কুরবানির তাৎপর্য, হজরত ইবরাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর ত্যাগের ইতিহাস তুলে ধরছেন। পাশাপাশি সমাজে সম্প্রীতি, মানবিকতা ও দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

শ্যামলীর বাদশাহ ফয়সাল স্কুল অ্যান্ড কলেজের মসজিদের খতিব বলেন, আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত পৌঁছায় না, পৌঁছায় মানুষের তাকওয়া ও নিয়ত। তাই ঈদুল আজহা আত্মশুদ্ধি ও আল্লাহভীতির শিক্ষা দেয়।

কল্যাণপুর ও আদাবর এলাকায় নামাজ শেষে অনেক মুসল্লিকে গরিব ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার ও ঈদসামগ্রী বিতরণ করতে দেখা যায়। কেউ কেউ কোরবানির মাংস বণ্টনের প্রস্তুতিও নিচ্ছেন মসজিদ প্রাঙ্গণেই।

রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে। ঈদের জামাত ঘিরে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ত্যাগের চেতনা ও ভ্রাতৃত্বের বার্তায় এবারের ঈদুল আজহার নামাজ রাজধানীবাসীর মধ্যে ছড়িয়ে দিয়েছে অনন্য এক আবহ। কোরবানির শিক্ষা হৃদয়ে ধারণ করে শান্তি, সংযম ও মানবিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন মুসল্লিরা।

আরটিভি/এমএম