বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ০৫:৫৫ পিএম
রাজধানীতে ঈদুল আজহায় কোরবানির পশু জবাই, প্রস্তুত ও কাটাকাটি করতে গিয়ে অসাবধানতাবশত ৮০ জন মৌসুমী কসাই আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে প্রায় ২০ জনকে পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
আহতরা পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, চকবা জার, হাজারীবাগ, বংশাল, সবুজবাগ, উত্তরা, বাড্ডা, ধানমন্ডি, কলাবাগান ও মিরপুর ও পল্লবী এলাকার বলে জানা গেছে।
এ প্রসঙ্গে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ কলিন্স মল্লিক জানান, আহতদের মধ্যে এখন পর্যন্ত কাউকে ভর্তি করা হয়নি। এদের অনেকেই ইতোমধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। আর গুরুতর আহত কয়েকজনকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতরা কোরবানির সময় গরুর লাথি, সিংয়ের গুঁতা, মাংস কোপাতে গিয়ে অসাবধানতাবশত নিজের হাতে পোচ লাগাসহ বিভিন্নভাবে আহত হয়েছেন বলে জানিয়েছেন ডাঃ কলিন্স মল্লিক।
তিনি আরও বলেন, বর্তমানে আমাদের জরুরী বিভাগে আহত রোগীদের যথেষ্ট চাপ রয়েছে। তারপরও আমরা যথাসাধ্য চেষ্টা করছি অপারেশন থিয়েটারে দ্রুত তাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য। আজকে ঈদের দিনের ছুটি হলেও আমরা ছুটি উপেক্ষা করে এই চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, আজ সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত কোরবানি দিতে গিয়ে বিভিন্নভাবে প্রায় ৮০ জন আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছেন। এদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকিদের জরুরী বিভাগের অপারেশন থিয়েটারের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করেছি।
আরটিভি/ এসকেডি