রোববার, ০৭ জুন ২০২৬ , ০৪:৩০ পিএম
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার হ্যাপি হোমস এলাকার বন্ধু বেকারির গলিতে একটি বাসা থেকে জেসমিন আক্তার বিথী (২৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের অভিযোগ, পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে আল আমিনের সঙ্গে জেসমিন আক্তার বিথীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে বিভিন্ন সময় নির্যাতন করা হতো। শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ৯টার দিকে জেসমিন ফোন করে পরিবারের সদস্যদের জানান, যৌতুকের টাকা নিয়ে তাকে আবারও নির্যাতন করা হচ্ছে।
এর কিছু সময় পর, রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন হ্যাপি হোমস এলাকার ২২/৫/১ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় জেসমিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রাত ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের দুই হাত ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, নিহতের স্বজনরা দাবি করেছেন, দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়ে আসছিলেন জেসমিন আক্তার বিথী। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আরটিভি/এমএইচজে