শুক্রবার, ১২ জুন ২০২৬ , ০৬:৫১ পিএম
ঢাকার বিভিন্ন এলাকায় শুক্রবার (১২ জুন) দুপুরের পরে বৃষ্টিতে তলিয়ে যায় সড়কগুলো। এতে চরম দুর্ভোগে পড়েন রাজধানীবাসী। বিকেলে শুরু হওয়া টানা প্রায় ঘণ্টাখানেকের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। তবে দুর্ভোগের এই চিত্রের মাঝেও কোথাও কোথাও জমে থাকা পানিতে খেলায় মেতে উঠেছে শিশুরা। ফলে একই সঙ্গে নগরজীবনের ভোগান্তি ও শিশুদের উচ্ছ্বাসের ভিন্ন দুই দৃশ্য ফুটে উঠেছে রাজধানীর বিভিন্ন এলাকায়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাত ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার নিচু সড়ক ও গলিতে হাঁটুসমান পানি জমারও খবর পাওয়া গেছে। হঠাৎ বৃষ্টিতে পথচারী ও মোটরসাইকেল আরোহীরাও বিপাকে পড়েন। অনেক স্থানে সড়কে পানি জমে যান চলাচল ধীর হয়ে পড়ে।
আরটিভি/এমএ