images

রাজধানী

ছিনতাইকারীরা ব্যাগ টানাহেঁচড়ার সময় রিকশা থেকে পড়ে আহত সোহেলি মারা গেছেন

শুক্রবার, ১২ জুন ২০২৬ , ১১:২৯ পিএম

ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছিনতাইকারীদের টানাহেঁচড়ায় চলন্ত রিকশা থেকে পড়ে আহত সোহেলি ইসলাম (৪২) চার দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববারের (৭ জুন) ওই ঘটনার চার দিন পর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ জুন) তিনি মারা যান। বিকেলে নানাবাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরী এলাকায় তার দাফন সম্পন্ন হয়।

নিহত সোহেলির বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়। তিনি এসকেএফ ওষুধ কোম্পানিতে মেডিকেল সার্ভিস অফিসার পদে চাকরি করতেন। রাজধানীর ধানমন্ডির গ্রীন রোডে একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি স্নাতকের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন
umn

মধ্যরাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত

সোহেলির মামাতো ভাই সারওয়ার পারভেজ জানান, পার্বতীপুরে পারিবারিক অনুষ্ঠান শেষে মেয়েকে নিয়ে গত শনিবার (৬ জুন) রাতে ঢাকার উদ্দেশে রওনা দেন সোহেলি ইসলাম। রোববার ভোরে গাবতলী নেমে কিছুক্ষণ পর রিকশায় করে বাসার পথে রওয়ানা হন তিনি। পথে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গেটের কাছে ছিনতাইকারীদের হামলায় তিনি আহত হন।

সোহেলির বোনের স্বামী তরিকুল ইসলাম জানান, রিকশা থেকে পড়ে গিয়ে তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে এবং প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। তিনি সাহায্যের জন্য চেষ্টা করলেও শুরুতে কেউ এগিয়ে আসেনি। পরে রিকশাচালকসহ একজনের সহায়তায় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও পরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে ততক্ষণে অবস্থার অবনতি ঘটে।

আরটিভি/এমএ