শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৮:১৯ এএম
প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
শনিবার (১৩ জুন) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার কক্সবাজার সফর করবেন। সফরের শুরুতে তিনি পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং পথসভায় বক্তব্য দেবেন।
এরপর ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে ‘দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ কক্সবাজারের প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ ছাড়া নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে রাজনৈতিক জনসভায় যোগ দেবেন এবং পরে লং বিচ হোটেল অডিটোরিয়ামে সুধী সমাবেশে অংশ নেবেন।
স্থানীয় সরকারমন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় ঢাকার জিয়া উদ্যানে যুবদলের নতুন কমিটি উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেল ৩টায় ফার্মগেটের কেআইবিতে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ডিএসসিসির বৃক্ষরোপণ কর্মসূচি
বিকেল সাড়ে ১১টায় গুলিস্তানের শহীদ মতিউর রহমান পার্কে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতি বিষয়ক সম্মেলন
সকাল ৮টা ১৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিডার যৌথ উদ্যোগে ‘রোডম্যাপ ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোম্যাসি’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি মূল প্রবন্ধও উপস্থাপন করবেন।
এমসিসিআইর বাজেট প্রতিক্রিয়া
জাতীয় বাজেট ২০২৬-২৭ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ও পর্যবেক্ষণ প্রকাশ করবে ঢাকার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। এ উপলক্ষে সংগঠনটি বাজেট-সংক্রান্ত বিবৃতি প্রকাশ করবে।
আরটিভি/আইএম