images

রাজধানী

৯৯৯ নম্বরে ফোনকলে বিদেশী শটগান উদ্ধার

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০৮:৫৮ পিএম

রাজধানীর হাজারীবাগ থানাধীন বসিলা এলাকার একটি বাড়ির বাথরুমের ফলস ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি শটগান উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক সচেতন নাগরিকের ফোনের তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত দুইটার সময় হাজারীবাগ থানাধীন বসিলা শাহী নূর মসজিদের সামনে থেকে একজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।

 

তিনি জানান, বসিলা মধ্যপাড়ার জনৈক কালিমুল্লাহ সাহেবের ৫৪/০২ নম্বর তিন তলা বাড়ির ২য় তলার উত্তর পাশের রুমের বাথরুমের ফলস ছাদের ভেতরে একটি শটগান দেখা যাচ্ছে।

আরও পড়ুন
Web-Image

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩৫৭ মামলা

 

৯৯৯-এর কলটেকার মো. সুজন কলটি রিসিভ করে তাৎক্ষণিকভাবে বিষয়টি হাজারীবাগ থানাকে অবহিত করেন। এরপর ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই মো. মোজাফফর হোসেন কলার এবং থানা পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

 

৯৯৯ থেকে সংবাদ পেয়ে হাজারীবাগ থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তল্লাশি চালিয়ে বাড়িটির বাথরুমের ফলস ছাদের ভেতর থেকে একটি শটগান উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত শটগানটির গায়ে খোদাই করে লেখা রয়েছে— ST-12, TAURAS, BP-MTCL, SHR165771, Made in Brasil। হাজারীবাগ থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

 

আরটিভি/এসআর