images

রাজধানী

পারিবারিক কলহে নিজেকে শেষ করে দিলেন তানহা

সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ১১:২৬ এএম

রাজধানীতে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় উত্তর বাড্ডা থানা রোড এলাকার আবু বকর সিদ্দিক মসজিদ-সংলগ্ন কুদ্দুস মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তানহা (২৭) ভোলার চর নাজিমুদ্দিন গ্রামের সালাউদ্দিনের মেয়ে। বর্তমানে তিনি স্বামী ইয়াসিন ফরাজীর সঙ্গে বাড্ডায় ভাড়া বাড়িতে থাকতেন। পূর্বের সংসারে তার একটি কন্যাসন্তান রয়েছে বলে জানা গেছে।

মোস্তফা নামে ওই বাসার এক ভাড়াটিয়া তানহাকে হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে স্বামী ইয়াসিন ফরাজীর সঙ্গে তানহার তীব্র মনোমালিন্য ও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী রুম থেকে বের হয়ে গেলে তানহা ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। এর কিছুক্ষণ পর রুমের ভেতর কোনো সাড়াশব্দ না পেয়ে স্বামীর মনে সন্দেহ জাগে। পরে তিনি প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে তানহাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।

আরও পড়ুন
Web-Image8

কাজ করার সময় হঠাৎ মেশিনে ঢুকে যায় হাত, অতঃপর... 

তাৎক্ষণিকভাবে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত আনুমানিক দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তানহাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আরটিভি/আইএম