images

রাজধানী

ট্রেনে পাসপোর্ট, প্লেনের টিকিটসহ ব্যাগ রেখে নেমে গেলেন সৌদিপ্রবাসী, অতঃপর...

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০৬:৪২ পিএম

ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে নেমে ট্রেনে পাসপোর্ট, বিমানের টিকিট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাগ ফেলে যাওয়ায় চরম বিপাকে পড়েন সাগর খান নামে এক সৌদিপ্রবাসী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার মাত্র আধাঘণ্টার মধ্যে রেলওয়ে পুলিশের তৎপরতায় ব্যাগটি উদ্ধার করা হয়।

গত ৩ জুলাই রাত ৯টা ২৮ মিনিটে এ ঘটনা ঘটে।

সাগর খান জানান, তার সৌদিপ্রবাসী দুলাভাই জসিমউদ্দীন সন্ধ্যা ৬টায় আখাউড়া থেকে ‘মহানগর গোধুলি’ ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রাত ৯টার দিকে তারা বিমানবন্দর রেলস্টেশনে নেমে একটি রেস্টহাউজে যান। সেখানে গিয়ে জসিমউদ্দীন বুঝতে পারেন, ট্রেনেই তার পাসপোর্ট, বিমানের টিকিট এবং অন্যান্য জরুরি কাগজপত্রসহ ব্যাগটি রেখে এসেছেন।

তারা দ্রুত বিমানবন্দর রেলস্টেশনে ফিরে গেলেও ততক্ষণে ট্রেনটি কমলাপুর রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে, রাত ২টা ৩৫ মিনিটে জসিমউদ্দীনের সৌদি আরবগামী ফ্লাইট থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। নিরুপায় হয়ে সাগর খান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

রাজধানীতে দুই বছরের শিশুকে ধর্ষণ

৯৯৯-এর কলটি গ্রহণ করেন কলটেকার বুলবুল আহমেদ। পুরো ঘটনায় কলারের সঙ্গে এবং রেলওয়ে পুলিশের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করেন ৯৯৯-এর ডিসপাচার এসআই মিজানুর রহমান।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ থেকে কমলাপুর রেলওয়ে থানা ও রেলওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষকে বিষয়টি জানানো হয়। রেলওয়ে পুলিশ কমলাপুর স্টেশনে পৌঁছে ট্রেনটির ‘ন’ বগির ৭/৮ নম্বর সিটের আশপাশ এবং লাগেজ র‍্যাক তল্লাশি করেও ব্যাগটি খুঁজে পায়নি।

পরে কমলাপুর রেলওয়ে পুলিশের একাধিক দল স্টেশনের বিভিন্ন স্থানে নিবিড় তল্লাশি শুরু করে। একপর্যায়ে এক ভবঘুরে কিশোরের কাছে একটি ব্যাগ দেখতে পেয়ে পুলিশ সেটি পরীক্ষা করে। সেখানে বিদেশযাত্রার পাসপোর্ট, বিমানের টিকিট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়।

৯৯৯-এ ফোন পাওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই ব্যাগটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পরে কলার সাগর খানকে ফোনে বিষয়টি জানানো হয় এবং যথাযথ যাচাই-বাছাই শেষে ব্যাগটি তার কাছে বুঝিয়ে দেওয়া হয়।

আরটিভি/এমএইচজে