রোববার, ১২ জুলাই ২০২৬ , ০৯:৫৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের পাশের এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। কাছাকাছি সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে উদ্ধার করা হয়েছে আরেক মরদেহ।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশে ফুটপাত ও তার বিপরীত পাশ থেকে দুজনকে উদ্ধার করা হয়। তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ বলছে, নিহতরা ভরঘুরে, ফুটপাতে ঘুমাতেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সকালে খবর পেয়ে তিনি হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের পেছনে এক অজ্ঞাত যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার নাম-পরিচয় শনাক্তের জন্য ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
অন্যদিকে, রোববার বেলা ১১টার দিকে খবর পেয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন অমর একুশে হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ ও ৬০ বছর।
এসআই মামুন জানান, ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও ওই দুই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় শনাক্তের জন্য ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানা গেছে, লাশ তিনটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আরটিভি/টিআর