মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ১২:৫৬ পিএম
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগি সম্বোধন করা হয়েছে অভিযোগ তুলে তার প্রতিবাদে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে পরীক্ষার্থীরা রাস্তা অবরোধ করে এ বিক্ষোভ করেন। পূর্বঘোষণা অনুযায়ী তারা এ বিক্ষোভ কর্মসূচি করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ঘটনাস্থল ঘুরে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে কয়েকশ শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সড়কের ওপর বসে ও দাঁড়িয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের মুখে বারবার শোনা যায়, ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’। পাশাপাশি ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’ এবং ‘কে বলেছে কে বলেছে, শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী’—এ ধরনের স্লোগানও দিতে দেখা যায়।
অবরোধের কারণে ধানমন্ডি ও নিউমার্কেটের মধ্যকার গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সারিতে আটকে থাকতে দেখা যায় বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে সারা দেশের পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে তারা আন্দোলনে নেমেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে অবরোধকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে দেখা যায়। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি।
এদিকে, এদিন রাজধানীর শাহবাগ, উত্তরা, মিরপুরেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন পরীক্ষার্থীরা। পাশাপাশি ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন তারা।
আরটিভি/এমএ