বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৬:০৮ এএম
রাজধানীর মধ্যবাড্ডায় সাবেক স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে ঝুমুর আক্তার (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মধ্যবাড্ডা ডিআইটি প্রজেক্টের ১৪ নম্বর রোডের একটি বাড়ির গেটে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
এ সময় সাবেক স্বামী রেজাউলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, নিহত ঝুমুরের বাড়ি বরিশাল জেলায়। তার বাবার নাম জাফর হাওলাদার। প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি হোটেল কর্মচারী রেজাউলকে বিয়ে করেন। বাড্ডা এলাকায় দুই থেকে তিন বছর সংসার করার পর বনিবনা না হওয়ায় এক বছর আগে রেজাউলকে তালাক দেন ঝুমুর। এরপর তিনি গ্রামে চলে যান এবং কিছুদিন পর এক প্রবাসীকে বিয়ে করেন।
ঝুমুরের দূরসম্পর্কের আত্মীয় মনিকা আক্তার জানান, গত দু-তিন দিন আগে বরিশাল থেকে ঝুমুর ঢাকার মিরপুরে তার তৃতীয় স্বামীর বাড়িতে আসেন। তার বর্তমান স্বামী এখন দেশের বাইরে রয়েছেন। মিরপুরের বাসা থেকে মঙ্গলবার সকালে মধ্যবাড্ডায় মনিকাদের বাসায় বেড়াতে আসেন ঝুমুর। বিকেলে মনিকা ও তার মা অজিফা বেগম ঝুমুরকে নিয়ে এলাকা ঘুরতে বের হন। সে সময়ই সাবেক স্বামী রেজাউল তাদের দেখতে পেয়ে পিছু নেন। তবে বিষয়টি তারা টের পাননি।
সন্ধ্যা ৭টার দিকে ডিআইটি প্রজেক্ট এলাকায় মনিকাদের বাসার গেট দিয়ে ভেতরে ঢোকার সময় রেজাউল পেছন থেকে এসে অতর্কিতভাবে ঝুমুরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে তিনি মারাত্মকভাবে জখম হন। ঝুমুরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রেজাউল দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে চারপাশ থেকে ঘিরে ফেলে স্থানীয়রা তাকে আটকে পুলিশে দেয়।
গুরুতর অবস্থায় ঝুমুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।
আরটিভি/এমএম