images

রাজধানী

মৌসুমে ইলিশের দাম কত রাজধানীতে

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৪:১১ পিএম

বর্ষা ইলিশের মৌসুম। তাই বাজারে বেড়েছে সরবরাহ এবং মাছের সারিতে ঝলমল করছে রুপালি ইলিশ। কিন্তু দাম শুনে অনেকেই ফিরে যাচ্ছেন খালি হাতে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ইলিশের বাজারে প্রাণচাঞ্চল্য থাকলেও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে নেই স্বস্তি।

শনিবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মোহাম্মদপুরের টাউন হল বাজার, চন্দ্রিমা বাজার, ঢাকা উদ্যান, কাদেরাবাদ হাউজিং ও জেনেভা ক্যাম্প বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, ৪৫০ থেকে ৬০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা। আর এক কেজি বা তার বেশি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে।

টাউন হল বাজারে মাছের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ক্রেতা শাওন বলেন, আমি টাউন হল বাজারে কেনাকাটা করি। ইলিশ কিনতে এসেছিলাম। কিন্তু দাম শুনে ছোট মাছ নিয়েই ফিরে যাচ্ছি। সংসারের খরচ সামলে এত টাকা দিয়ে মাছ কেনা কঠিন। সবারই মনে চায় ইলিশ মাছ খেতে কিন্তু ইচ্ছা থাকলেও এত দাম দিয়ে কেনার উপায় নেই।

টাউন হল বাজারে ইলিশ মাছ কিনতে এসেছেন আরেক ক্রেতা। তিনি জানান, আমার স্বামীকে নিয়ে মাছের বাজারে এসেছি। বেশ কয়েকটি দোকান ঘুরলাম। এক এক দোকানে এক এক রকম দাম। পরে এক কেজির একটু বেশি দুটি ইলিশ কিনলাম চার হাজার ২০০ টাকা দিয়ে। বাজারে বেশি কোল্ড স্টোরের মাছ, নতুন তাজা মাছ পাওয়া খুব কঠিন।

চন্দ্রিমা বাজারে বাজার করতে আসা আরেক ক্রেতা সাইফুল বলেন, আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। বাচ্চারা ইলিশ খেতে চেয়েছিল। তাই ছোট একটা মাছ কিনলাম। বড় ইলিশ কেনার সামর্থ্য নেই।

আরও পড়ুন
Web-Image

মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

জেনেভা ক্যাম্প বাজারে এক চাকরিজীবী বলেন, ইলিশের মৌসুমে অন্তত এক দুইবার কিনতে চাই। কিন্তু বর্তমান বাজারে এক কেজি ইলিশ কিনতেই কয়েক দিনের বাজারের টাকা শেষ হয়ে যায়। দাম বেশি হওয়ায় তাই ইলিশ মাছ কেনা হলো না।

একই রকম অবস্থা ঢাকা উদ্যান বাজারেও।  এক গৃহিণী খাদিজা বেগম বলেন, বাজারে মাছ অনেক আছে, কিন্তু দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নয়। তাই শুধু দেখে যাচ্ছি, কেনার সাহস পাচ্ছি না।

চন্দ্রিমা বাজারের ইলিশ মাছ বিক্রেতা মামুন জানান, আমার এখানে ছোট আকারের কয়েক ধরনের ইলিশ মাছ রয়েছে। যেগুলোর এক হাজার থেকে শুরু করে এক হাজার ৪৫০ টাকা পর্যন্ত। আমরাও অনেক বড় মাছ ব্যবসায়ী নই যে দুই হাজার থেকে দুই হাজার ৫০০ বা দুই হাজার ৮০০ টাকা কেজি দিয়ে মাছ এখানে নিয়ে আসব। আমাদের এখানে নিম্ন আয়ের মানুষজনই বেশি আসেন। যারা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত তারা টাউন হল বাজার বা অন্য জায়গায় চলে যান।

টাউন হল বাজারের ইলিশ মাছ বিক্রেতা বাদশা মিয়া বলেন, আমার এখানে এক কেজি সাইজ এবং তার নিচে আরো দুই সাইজের ইলিশ মাছ রয়েছে। এক কেজি বা তার একটু বেশি দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা, এক কেজির নিচে সাইজ ভেদে দুই হাজার থেকে এক হাজার ৮০০ টাকা। এখনো বাজারে তেমনভাবে তাজা ইলিশ মাছ সরবরাহ হয়নি। বাজারের বেশিরভাগ মাছ এখনো কোল্ড স্টোরের।

সরেজমিনে দেখা যায়, বাজারে ক্রেতার উপস্থিতি থাকলেও বেশিরভাগ মানুষ দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছেন। কেউ কেউ ছোট আকারের ইলিশ কিনছেন, আবার অনেকে বাজেটের সঙ্গে মিলিয়ে অন্য মাছের দিকে ঝুঁকছেন।

রাজধানীর বিভিন্ন বাজারগুলোতে দুপুর পর্যন্ত বেচাকেনা মোটামুটি ভালো থাকলেও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে ছিল আক্ষেপের সুর। তাদের ভাষ্য, বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও দাম এখনও এমন পর্যায়ে পৌঁছায়নি, যেখানে স্বাচ্ছন্দ্যে কিনে বাড়ি ফেরা যায়।

আরটিভি/ এসকেডি