বুধবার, ২২ জুলাই ২০২৬ , ১১:৩৭ এএম
গ্রামে মাকে দেখে ফেরার পথে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর উড়াল সড়কে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবুল কাশেমের (৬০) গ্রামের বাড়ি শরীয়তপুরে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় থাকতেন ও পেশায় একজন রড-সিমেন্ট ব্যবসায়ী ছিলেন।
সাদিয়া আক্তার নামে একজন পথচারী আবুল কাশেমকে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, বিকেলের দিকে আমরা কয়েকজন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হই। মেয়র হানিফ উড়াল সড়কে পৌঁছে দেখতে পাই, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার মাথায় গুরুতর জখম। পাশেই পড়ে আছে মোটরসাইকেল। এরপর দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে আবুল কাশেমের নাতি সোয়াত হাসপাতালে যান। তিনি বলেন, বৃদ্ধা মাকে দেখতে আমার দাদা তার গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় তিনি মারা যান।
সোয়াত আরও বলেন, আমার দাদা দুই সন্তানের জনক ছিলেন। শেওড়াপাড়ায় তার নির্মাণ রড-সিমেন্টের ব্যবসা রয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, আবুল কাশেম মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে নিহত হয়েছেন। তাকে কোনো গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয় তার তদন্ত চলছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
আরটিভি/আইএম