images

রাজধানী

দুই সহকর্মীর মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল সাকিবের

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ১২:৫৫ পিএম

রাজধানীতে একটি নির্মাণাধীন ভবনে দুই সহকর্মীর মারামারি থামাতে গিয়ে আরেক সহকর্মীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে কামরাঙ্গীরচরের মাহাদীনগর রব টাওয়ার এলাকার ১৮ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মো. সাকিব (৩৫) নোয়াখালীর মাইজদী সদর থানার ভাটিরটেক এলাকার সাইফুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি কামরাঙ্গীরচরের মাহাদীনগর এলাকার ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।

আরও পড়ুন
dkt

বাসা দেখার কথা বলে ফ্ল্যাটে প্রবেশ, জিম্মি করে ডাকাতি

সাকিবের সহকর্মী মো. মুনসুর বলেন, সাকিব পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন। আজ সকাল ৮টার দিকে নির্মাণাধীন ওই ভবনের তৃতীয়তলায় ইয়াসিন ও জাহাঙ্গীর নামে দুই শ্রমিক মারামারিতে জড়িয়ে পড়েন। তাদের মারামারি থামাতে গিয়ে সাকিব বলেন, ‘মারামারি করো না, কাজ করো’। এ কথায় ক্ষিপ্ত হয়ে তারা দুজন মিলে সাকিবকে মারধর করেন। এক পর্যায়ে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন। এতে সাকিব গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরটিভি/আইএম