images

রাজধানী

হাতিরঝিলে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৬:১৯ পিএম

রাজধানীর হাতিরঝিলে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শেখ জায়েদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক আলআমিন ভুবন (২১) আহত হয়েছেন।

রোববার  (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় পথচারীরা দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে শেখ জায়েদকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
cng

রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট, গাড়ির দীর্ঘ লাইনে ভোগান্তি

দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী রবিন জানান, হাতিরঝিল পুলিশ প্লাজার পেছনের সড়কে একটি মোটরসাইকেলসহ দুজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

আহত আলআমিন ভুবন জানান, মোটরসাইকেলটি তার নিজের। দুপুরে শেখ জায়েদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে তেল ভরতে যাচ্ছিলেন তিনি। হাতিরঝিল পুলিশ প্লাজার পেছনের সড়কে পৌঁছালে পেছন থেকে একটি সিএনজি অটোরিকশা তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়ে আহত হন।

নিহত শেখ জায়েদের ভাই সামির শেখ পরশ জানান, তাদের বাসা রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকার মুক্তি মসজিদ গলিতে। তাদের বাবার নাম জামিল শেখ। জায়েদ কোনো কাজ করতেন না। দুপুরে হাতিরঝিল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় জায়েদ আহত হয়েছেন বলে খবর পেয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন। পরে সেখানে ভাইয়ের মরদেহ দেখতে পান।

আরটিভি/এসআর