বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০৬:৩০ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি গাড়ি ধাক্কায় একজন দুবাই প্রবাসী যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে আহত ওই যাত্রীর নাম জানা যায়নি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিমানবন্দর সূত্র জানা গেছে, এয়ার এয়ারিয়ার একটি এয়ারলাইন্সে ওই যাত্রী দুবাই থেকে সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তারপর তিনি বিমান থেকে নামার পর এ দুর্ঘটনার শিকার হোন।
সূত্র আরও জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের র্যাম্পের অপারেটর ওই গাড়িটি চালাচ্ছিলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মহিউদ্দিন বলেন, এয়ার এয়াবিয়ার ফ্লাইট থেকে নামার পর ওই যাত্রী অসুস্থ বোধ করছিলেন। ওই ফ্লাইটের একজন স্টাফ তাকে বে-তে বসিয়েছিলেন। ওই সময় র্যাম্প অপারেট সাইফুল গাড়ি পিছনে দিতে গিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ওই যাত্রী পড়ে হাতে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সাইফুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান বিমানের এই কর্মকর্তা।
আরটিভি/এমএম