শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১২:০৫ এএম
রাজধানীতে এক নারীর মোবাইল ছিনতাই করে পালানোর সময় মো. সুজন মিয়া (২২) নামে এক ব্যক্তিকে আটক করেছে ট্রাফিক পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সোয়া একটার দিকে ফুলবাড়িয়া ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুরে ট্রাফিক লালবাগ বিভাগের ফুলবাড়িয়া জোনের দায়িত্বে থাকা এক ট্রাফিক সার্জেন্ট দায়িত্ব পালন করছিলেন। এ সময় এক নারীর চিৎকার শুনে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান তিনি। সেখানে গিয়ে জানতে পারেন, ওই নারীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে এক ব্যক্তি।
পরে ট্রাফিক সার্জেন্ট তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পিছু ধাওয়া করেন। একপর্যায়ে সিদ্দিকবাজার এলাকায় তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ভুক্তভোগীর ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত সুজন মিয়াকে বংশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি ওই নারীর কাছে বুঝিয়ে দেওয়া হয়।
আরটিভি/ এসকেডি