images

রাজধানী

বায়তুল মোকাররম এলাকায় অভিযান, ৪৬৪টি ধারালো অস্ত্র জব্দ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১২:৪০ এএম

মতিঝিল বিভাগের ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়েছে। জানা যায়, রাজধানীতে বিভিন্ন অপরাধ ও নাশকতায় এই সব ধারালো অস্ত্র ব্যবহার করা হত।

ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীতে সংঘটিত ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়ে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ডিসি মতিঝিল হারুন অর রশীদের পরিকল্পনায় ডিএমপির মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মতিঝিলের নেতৃত্বে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন
01

ছিনতাইকরীকে ধাওয়া করে ধরলেন ট্রাফিক সার্জেন্ট

অভিযানে মোট ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে বড় চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, আসল সদৃশ খেলনা পিস্তল, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল এবং ব্যাটন স্টিক।

অভিযানের সময় রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০) ও মো. রাজন (৩৪) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীতে অবৈধ অস্ত্রের বিক্রি ও ব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরটিভি/ এসকেডি