images

রাজধানী

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার এনসিপির বহিষ্কৃত নেতা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ১১:১৯ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ঢাকায় অভিযান চালিয়ে তানভীরকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়ায় আনা হচ্ছে। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান। 

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি আপত্তিকর পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিলে তিনি তা মুছে ফেলে দুঃখ প্রকাশ করেন। তবে এর আগেই পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি তাকে অব্যাহতি দেয়।

এ ঘটনায় গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ২৯ জুলাই প্রকাশিত ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানির পাশাপাশি জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বাদী উল্লেখ করেন।

আরও পড়ুন
Web-Image2

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে

মামলার পরিপ্রেক্ষিতেই তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/এসকে