বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০৪:৩৪ পিএম
পরিবারের অমতে মাদরাসায় ভর্তি করানোয় অভিমান করে কাউকে কিছু না জানিয়ে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে লঞ্চে উঠে পড়েছিল ১৩ বছর বয়সী এক শিশুকন্যা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তথ্যের ভিত্তিতে সদরঘাট নৌ পুলিশ তাকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
তিনি জানান, চাঁদপুর সদর এলাকার একটি মাদরাসার শিক্ষক কবিরুল হক ৯৯৯ নম্বরে ফোন করে জানান, মাইমুনা (১৩) নামে এক ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে মাদরাসায় ভর্তি করানো হয়েছিল। এতে অভিমান করে সে কাউকে কিছু না জানিয়ে মাদরাসা থেকে বেরিয়ে যায়। পরে জানা যায়, সে চাঁদপুর থেকে ঢাকার সদরঘাটগামী ইমাম হাসান নামের একটি লঞ্চে উঠেছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ থেকে চাঁদপুর সদর নৌ পুলিশ (চাঁদপুর জোন) এবং সদরঘাট নৌ পুলিশ (ঢাকা জোন)-কে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধার অভিযানের অনুরোধ করা হয়।
৯৯৯-এর কলটি গ্রহণ করেন কলটেকার সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ুন। পুরো উদ্ধার কার্যক্রমে সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করেন ৯৯৯-এর পুলিশ ডিসপ্যাচার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন।
পরে লঞ্চটি সদরঘাটে পৌঁছালে সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির একটি দল শিশুকন্যাটিকে নিরাপদে উদ্ধার করে। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছালে তাদের কাছে শিশুটিকে বুঝিয়ে দেওয়া হয়।
আরটিভি/এসকে