images

রাজধানী

হাসপাতাল থেকে রোগী ভাগানোর সময় দালাল হাতেনাতে ধরা

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০৫:৫৭ পিএম

ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) রোগীকে প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টার সময় এক দালালকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (গণসংযোগ) মো. নাজমুল সাকিব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের আওতাধীন শেরেবাংলা নগর থানার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের জরুরি বিভাগের সামনে এক রোগীকে এক ব্যক্তি বিভিন্ন প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে তোলার চেষ্টা করেন।
 
বিষয়টি দায়িত্বরত প্লাটুন কমান্ডার (পিসি) মো. আবু সাইদের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন।

পরে জরুরি পার্কিং এলাকায় দায়িত্বরত আনসার সদস্য মো. ওবায়দুলের সহযোগিতায় আটক ব্যক্তিকে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির নাম জাকির হোসেন (৪৫)। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তীতে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

আরটিভি/টিআর